বিয়ের কেনাকাটার তালিকা বেশ দীর্ঘ? সব পেয়ে যাবেন এই জায়গাগুলোতে!
উৎসবের মরসুম মোটামুটি শেষ, এবার বিয়ের মরসুম শুরু হওয়ার পালা। বিয়ের কেনাকাটা করার ঝক্কি তো কম নয়! কী কী কিনবেন, কোথায় কিনবেন, দরদাম কীভাবে করবেন- ইত্যাদি নানা বিষয় নিয়ে অনেকেই বেশ চিন্তায় পড়ে যান। তাই বিয়ের যাবতীয় খুঁটিনাটি নিয়ে আপনার মুশকিল আসান করতে পাশে হাজির আমরা! বিয়ের কেনাকাটা করার জন্য কলকাতার সেরা জায়গাগুলো কী? চলুন একসাথে দেখে নিই।
গড়িয়াহাট
কেনাকাটার কথা হচ্ছে আর গড়িয়াহাটের নাম সবার প্রথমে উঠে আসবে না, তা কি কখনও হয়! কলকাতায় বিয়ের কেনাকাটা করার অন্যতম সেরা জায়গা নিঃসন্দেহে গড়িয়াহাট। যাবতীয় শাড়ি, বিয়ের বেনারসি, সিল্ক, তাঁত, জামদানি কেনার সবচেয়ে সেরা দোকানগুলি রয়েছে কলকাতার এ চত্বরেই। সোনার পাশাপাশি যাঁরা কিছু ‘ইমিটেশন’ এর গয়না কিনতে চান, তাঁদের জন্যও এখানে রয়েছে প্রচুর দোকান। ছেলেদের জন্য ধুতি-পাঞ্জাবির সম্ভারও এখানে নেহাত কম নয়। বিয়ের উপহার হিসেবে— বাড়ির জরুরি জিনিস, বাসনপত্র, ঘর সাজানোর জিনিস, ছবি, বই, আলো, আপনার ফর্দে যা-ই থাকুক না কেন, পেয়ে যাবেন এখানে। গড়িয়াহাটে রয়েছে বিভিন্ন খাদির দোকানও। তাই কোনও বিশেষ পোশাক বা ব্লাউজ তৈরি করার জন্য যে কোনও রকমের কাপড়ও সহজে কিনতে পারবেন।

হাতিবাগান
গড়িয়াহাটে পছন্দের জামাকাপড় বা জুতো না পেলে, আপনাকে চলে আসতেই হবে হাতিবাগানে! বিশাল জায়গা জুড়ে বসে এই বাজার। বাংলার তাঁত, সিল্ক, ওড়িশার কটকি, সম্বলপুরী-সহ হরেক রকম শাড়ির পসরা পাবেন এখানকার দোকানগুলিতে। রাস্তার দু’দিকে হকার স্টলগুলিতে সাজগোজের জিনিসপত্র, জুতো, ব্যাগ, উপহার সামগ্রী, ঘর সাজানোর জিনিস- কী নেই! কলকাতা থেকে বিয়ের কেনাকাটা করতে চাইলে আপনাকে একবার অন্তত আসতেই হবে হাতিবাগানে।
নিউ মার্কেট
আপনি নিউ মার্কেটে পাবেন না এমন কোনো জিনিস নেই! শুধু বর-কনের পোশাকই নয়, একই সঙ্গে অন্যান্য আত্মীয়স্বজনের পোশাক-আশাক কিনতে চাইলে চোখ বন্ধ করে চলে আসুন এই বাজারে। এ ছাড়াও বিয়েতে আরও যা যা উপহার দেওয়ার রীতি রয়েছে, তা প্রায় সবই পেয়ে যাবেন এখানে। বিয়ের যাবতীয় কেনাকাটা এক জায়গা থেকে করে ফেলতে চাইলে হাতে একটু সময় নিয়ে চলে আসুন নিউমার্কেটে।

বউবাজার
বিয়ের গয়না কেনার আদর্শ জায়গা হলো বউবাজার। এখানে কলকাতার বহু পুরোনো সোনার দোকান থেকে শুরু করে একেবারে হালফিলের নতুন সোনার দোকানও আপনি পেয়ে যাবেন। আপনার বাজেট একটু কম হলেও চিন্তা নেই, এখানকার অনেক দোকানেই মজুরীতে বেশ ভালোরকমের ছাড় দেওয়া হয়। বাঙালি বিয়ের সাবেকি গয়না থেকে শুরু করে আধুনিক ডিজাইনের গয়না, বউবাজার আপনাকে খালি হাতে ফেরাবে না।

শেয়ালদহ-কলেজ স্ট্রিট
বই-পাড়া হিসেবে বিখ্যাত হলেও, কলেজ স্ট্রীটে কিন্তু আপনি বিয়ের কেনাকাটা করার জন্যও আসতে পারেন। বিয়ের কার্ড, তত্ত্বের ট্রে, বেনারসি, কনের সাজের সামগ্রী, ছেলের পাঞ্জাবি, জুতো, স্যুটকেস— বিয়েতে যা যা লাগতে পারে সবই আপনি এখানে পেয়ে যাবেন। কেনাকাটা করার পর একটু গলা ভেজানোর ইচ্ছে হলে ১০০ বছরের পুরোনো ‘প্যারামাউন্ট’ এর শরবত তো রয়েছেই। আর কলেজ স্ট্রীটে কেনাকাটা করতে এসে যদি কফি হাউজে একবার ঢুঁ না মারেন, তাহলে ঘোরতর অন্যায় করবেন!
এছাড়াও দক্ষিণাপণ, বড়বাজার, এবং ধর্মতলার শ্রীরাম আর্কেডেও আপনি বিয়ের কেনাকাটা করার জন্য পছন্দসই যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন।

